ট্যাবলেট বাজারে প্রবেশে ওয়ানপ্লাস প্যাডের ট্রেডমার্ক

৬ জুলাই, ২০২১ ০০:৪৬  
স্মার্টফোন বাজারে আট বছরের অধিক সময় পার করেছে ওয়ানপ্লাস। এবার কোম্পানিটি ট্যাবলেট বাজারেও প্রবেশ করতে চায়। সেজন্য ইউরোপিয়ান ইউনিয়ন ইন্টেলেকচ্যুয়াল প্রোপার্টি অফিসে (ইইউআইপিও) নতুন কোম্পানির নিবন্ধনও নেয়া হয়েছে। খবর জিএসএম এরিনা। প্রকাশিত খবরে বলা হয়, ইইউআইপিও এর ওয়েবসাইটে প্রকাশিত সার্টিফিকেটে দেখা গেছে ওয়ানপ্লাস প্যাড নামে একটি ইলেকট্রনিক্স ডিভাইসের নামে ট্রেডমার্ক করা হয়েছে। বিবিকে ইলেকট্রনিক্স কর্পোরেশনের একটি অঙ্গপ্রতিষ্ঠান ওয়ানপ্লাস। এই কোম্পানির মালিকায় অপো এবং রিয়েলমিও রয়েছে। পরের দুটি কোম্পানি ইতিমধ্যে ল্যাপটপ ও ট্যাবলেট বাজারে প্রবেশ করতে যাচ্ছে। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে ওয়ানপ্লাস কিংবা বিবিকে ইলেকট্রনিক্স কর্পোরেশনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। ফলে শিগগিরই বাজারে ওয়ানপ্লাস প্যাডের নতুন ট্যাবলেট বাজারে আসবে সেটি প্রত্যাশা করা যাচ্ছে না। ডিবিটেক/বিএমটি